অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২০২৬
3 days ago
5 minutes read
🏛️ বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত সালের প্রশ্নব্যাংক (২০১১–২০২৬):
⬅️ ২০২৫ সালের লিখিত প্রশ্নসর্বশেষ বছর ➡️
⚖️
বাংলাদেশ বার কাউন্সিল
অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২০২৬
২২ আগস্ট ২০২৬, শনিবার
পূর্ণমান: ১০০
সময়: ৪ ঘণ্টা
সময়: ৪ ঘণ্টা
(ক অংশ থেকে ২টি এবং খ, গ, ঘ, ঙ, চ অংশের প্রত্যেকটি থেকে ১টি করে মোট ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে)
[ডান পাশে উল্লিখিত সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
ক অংশ: যে কোন ২টি প্রশ্নের উত্তর দিন (১৫ × ২ = ৩০)
১। (ক) কখন এবং কোন পরিস্থিতিতে আদালত একজন বাদিকে একই বিষয়বস্তু নিয়ে নতুন মামলা করার অধিকারসহ একটি মামলা প্রত্যাহারের অনুমতি দিতে পারে?
৭
(খ) কোনো মামলার বাদি মামলা প্রত্যাহার করে নিলে ঐ মামলায় বিবাদি কর্তৃক উত্থাপিত পাল্টা-দাবির (counter claim) পরিণতি কী হয়?
৩
(গ) ক দাবি করে যে খ, ক এর জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে যার ফলে ক এর অপূরণীয় ক্ষতির আশঙ্কা রয়েছে। ক মামলা চলাকালীন আদালতের নিকট নির্মাণ কাজ বন্ধ রাখার আবেদন করে। আদালত কি এ ধরনের প্রতিকার প্রদান করতে পারেন? The Specific Relief Act, 1877 এর প্রাসঙ্গিক বিধান উল্লেখপূর্বক উত্তর দিন।
৫
২। (ক) বিভিন্ন আদালতের রিভিশন এর এখতিয়ার এবং যে সকল কারণে একটি রিভিশন আবেদন করা যায় তা আলোচনা করুন।
৫
(খ) ক, খ এর বিরুদ্ধে টাকা আদায়ের একটি মামলা করে। চূড়ান্ত শুনানির পূর্বে উভয় পক্ষ আদালতে একটি লিখিত আপোসনামা (compromise deed) দাখিল করে জানায় যে, তারা বিরোধ আপোসের মাধ্যমে নিষ্পত্তি করেছে এবং সেই অনুযায়ী ডিক্রি প্রার্থনা করে। আদালত এক্ষেত্রে কী ধরনের আদেশ প্রদান করতে পারেন? The Code of Civil Procedure, 1908 এর প্রাসঙ্গিক বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন।
৫
(গ) The Specific Relief Act, 1877 এর ৯ ধারার মামলায় বাদিকে কী কী প্রমাণ করতে হবে?
৫
৩। (ক) আদালতের অন্তর্নিহিত ক্ষমতা কী? কখন এই ক্ষমতা প্রয়োগ করা যায়? এই ক্ষমতার কী কী সীমাবদ্ধতা আছে?
১০
(খ) The Specific Relief Act, 1877 অনুযায়ী স্থায়ী নিষেধাজ্ঞা প্রদানের মূলনীতিসমূহ (principles) ব্যাখ্যা করুন।
৫
খ অংশ: যে কোন ১টি প্রশ্নের উত্তর দিন (১৫ × ১ = ১৫)
৪। (ক) The Code of Criminal Procedure, 1898 এর ৩৪২ ধারায় আসামীকে পরীক্ষা করার উদ্দেশ্য, পদ্ধতি এবং গুরুত্ব বর্ণনা করুন।
৮
(খ) পুলিশ রিপোর্ট এবং সুরতহাল প্রতিবেদনে কোন বিষয়গুলো আবশ্যিকভাবে উল্লেখ করতে হয়?
৭
৫। (ক) Investigation বলতে কী বুঝায়? Further investigation কীভাবে re-investigation থেকে আলাদা?
৫
(খ) The Code of Criminal Procedure, 1898 এর ২০৩ এবং ২০৪(৩) ধারায় নালিশ খারিজের মধ্যে পার্থক্য কী?
৫
(গ) আদালতে বিচারাধীন একটি মামলায় গ এর বিরুদ্ধে The Penal Code, 1860 এর ৩২৩ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। মামলার নালিশকারী ক এবং ভিকটিম তার নাবালক পুত্র খ। মামলার বিচারকালীন ক এবং গ আদালতকে অবহিত করে যে তারা উক্ত অপরাধের আপোস মীমাংসা করেছে। কিন্তু খ আপোসে সম্মত নয়। উক্ত আপোস মীমাংসার আইনগত ফলাফল কী?
৫
গ অংশ: যে কোন ১টি প্রশ্নের উত্তর দিন (১৫ × ১ = ১৫)
৬। (ক) প-কে তার স্বামী প্রতিনিয়ত নির্যাতন করত। একদা গভীর রাতে স্বামীর সাথে বিবাদের পর প ঘর থেকে বেরিয়ে যায়। পথিমধ্যে প পেছন থেকে কারো পায়ের শব্দ শুনে ঘাবড়ে যায় এবং তার কোলে থাকা শিশু বাচ্চাসহ একটি কূপে ঝাঁপ দেয়। ফলশ্রুতিতে শিশুটি মারা যায়। বিচারিক আদালত প এর কাজটি “so imminently dangerous that it must, in all probability, cause death” সাব্যস্ত করে প কে The Penal Code, 1860 এর ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে। আপীল আদালতে আপনি প এর পক্ষে কী যুক্তি উপস্থাপন করবেন?
১০
(খ) “চুরি একটি দখল সংক্রান্ত অপরাধ, মালিকানা সংক্রান্ত নয়” — আলোচনা করুন।
৫
৭। (ক) “আইন বলপ্রয়োগ প্রতিরোধ করতে বলপ্রয়োগের অনুমতি দেয়” — The Penal Code, 1860 এর প্রাসঙ্গিক বিধানের আলোকে ব্যাখ্যা করুন।
৮
(খ) ক নামক একজন পুলিশ অফিসার খ-কে খ এর নামে আদালত কর্তৃক ইস্যুকৃত গ্রেফতারি পরোয়ানা দেখিয়ে ১০,০০০ টাকা দাবি করে, অন্যথায় তাকে গ্রেফতারের হুমকি দেয়। গ্রেফতার এড়াতে খ, ক-কে দাবিকৃত অর্থ প্রদান করে। ক কি extortion এর জন্য দায়ী হবে?
৭
ঘ অংশ: যে কোন ১টি প্রশ্নের উত্তর দিন (১৫ × ১ = ১৫)
৮। (ক) ১৬ জুলাই ২০২৬ তারিখে ক তার মাকে জানায় যে ১২ জুলাই ২০২৬ তারিখে খ তাকে ধর্ষণ করেছে। দুই দিন পরে ক আত্মহত্যা করে। ধর্ষণের দায়ে খ এর বিচার শুরু হয়। ক কর্তৃক তার মায়ের নিকট প্রদত্ত বিবৃতিটি কি মৃত্যুকালীন ঘোষণা হিসেবে ব্যবহার করা যাবে? উক্ত বিবৃতিটি কি The Evidence Act, 1872 এর ৬ ও ৮ ধারা অনুসারে প্রাসঙ্গিক?
৮
(খ) ফ প্রাথমিকভাবে প এর বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। প তার মৃত্যুর পরে ফ-কে আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা দেয়। এবার ফ সম্মত হয় এবং প-কে বিয়ে করে। পরবর্তীতে প তার সব সম্পত্তি দানের মাধ্যমে তার গোপন প্রেমিকা ব এর বরাবরে হস্তান্তর করে। প এর মৃত্যুর পরে ফ হস্তান্তরের বিষয়টি জানতে পারে। ফ, ব এর বিরুদ্ধে The Evidence Act, 1872 অনুসারে estoppel দাবি করে। ফ এর দাবি কি আইনসঙ্গত?
৭
৯। (ক) ডিজিটাল সাক্ষ্য কী? The Evidence Act, 1872 এর প্রাসঙ্গিক বিধান উদাহরণসহ ব্যাখ্যা করুন।
৮
(খ) ক, খ ও গ স্থানীয় একটি গ্যাং এর সদস্য। তারা স্থানীয় একটি কলেজের তোরণের সামনে থেকে কলেজ ছাত্র ঘ কে অপহরণের চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয় এবং ঘ মারাত্মকভাবে আহত হয়। হাসপাতালে নেওয়ার পরে ঘ মারা যায়। সংঘর্ষের ঘটনাটি কলেজ তোরণে স্থাপিত এবং কলেজ দ্বারা পরিচালিত নজরদারি ক্যামেরায় (surveillance camera) ধরা পড়ে। বিচারিক কার্যক্রমের জন্য উক্ত ভিডিও রেকর্ড গ্রহণযোগ্য (admissible) হওয়ার আইনি শর্তগুলো আলোচনা করুন।
৭
ঙ অংশ: যে কোন ১টি প্রশ্নের উত্তর দিন (১৫ × ১ = ১৫)
১০। The Limitation Act, 1908 এর আলোকে (ক) Legal Disability; (খ) Grounds of Extension and Exemption of Period of Limitation; এবং (গ) Suspension of Limitation এর বিধানসমূহ আলোচনা করুন।
১৫
১১। (ক) “তামাদি আইন শুধু অধিকার বিলোপ করে না, পরোক্ষভাবে অধিকার সৃষ্টিও করে” — ব্যাখ্যা করুন।
৮
(খ) তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে প্রতারণার ফলাফল উদাহরণসহ ব্যাখ্যা করুন।
৭
চ অংশ: যে কোন ১টি প্রশ্নের উত্তর দিন (১০ × ১ = ১০)
১২। একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে পেশাগত অসদাচরণের অভিযোগ আসলে বাংলাদেশ বার কাউন্সিল কী ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারবে? বিভাগীয় তদন্তের বিভিন্ন ধাপ উল্লেখ করে ব্যাখ্যা করুন।
১০
১৩। ফি নির্ধারণের ক্ষেত্রে একজন অ্যাডভোকেটের কোন কোন বিষয় বিবেচনায় রাখা উচিত? The Canons of Professional Conduct and Etiquette এর আলোকে ব্যাখ্যা করুন।
১০
— পৃষ্ঠা ২ (সমাপ্ত) —
3 days ago
5 minutes read
