সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও মহড়া
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ প্রাঙ্গণে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং কর্মকর্তা-কর্মচারীদের সচেতনতা বাড়াতে একটি সমন্বিত প্রশিক্ষণ ও অগ্নিনির্বাপণ মহড়া পরিচালনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় শুরু হওয়া এই প্রশিক্ষণ ও উদ্ধার মহড়া শেষ হয় বেলা ১টায়।
তাত্ত্বিক ও ব্যবহারিক দুই পর্বের মহড়া
আয়োজনটি মূলত দুটি পর্বে বিভক্ত ছিল—তাত্ত্বিক আলোচনা ও ব্যবহারিক অগ্নিনির্বাপণ মহড়া। সকাল ১১টায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ভবনের মিলনায়তনে প্রথম পর্বে তাত্ত্বিক প্রশিক্ষণ ক্লাস অনুষ্ঠিত হয়। এই অধিবেশনটি পরিচালনা করেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, বিএফএম (বার)। এতে অগ্নিকাণ্ডের প্রাথমিক উৎস, আগুন ছড়িয়ে পড়ার কারণ এবং প্রাথমিক সতর্কতা বিষয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।
তাত্ত্বিক ক্লাস শেষ হওয়ার পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট অ্যানেক্স ভবনের সামনের উন্মুক্ত চত্বরে অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্বের বাস্তবভিত্তিক ও ব্যবহারিক মহড়া। সেখানে কোনো দুর্ঘটনা ঘটলে প্রাথমিক পর্যায়ে ফায়ার এক্সটিংগুইশার (অগ্নিনির্বাপক যন্ত্র) ব্যবহার করে কীভাবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়, তা সরাসরি প্রদর্শন করা হয়।
উদ্ধারকাজে আধুনিক কৌশলের মহড়া
ভবনে অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে আটকে পড়া মানুষদের নিরাপদে উদ্ধার করার ক্ষেত্রে আধুনিক ও কার্যকর নানা কৌশল প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এর মধ্যে রোপ ডিসেন্ডিং, টু-পয়েন্ট সাসপেনশন পদ্ধতি, রোপ র্যাপেলিং এবং অটোস্কেপ প্রযুক্তির সফল প্রয়োগ দেখানো হয়। পাশাপাশি টার্ন টেবল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে ভবনের ওপরের অংশ থেকে আটকে পড়াদের উদ্ধার করার কৌশলও প্রদর্শন করা হয়।
মহড়ার শেষ পর্যায়ে সুপ্রিম কোর্টে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের ফায়ার এক্সটিংগুইশারসহ বিভিন্ন অগ্নিনির্বাপক সরঞ্জামের ব্যবহার সরাসরি হাতে-কলমে অনুশীলন করানো হয়, যাতে জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক আত্মরক্ষা ও উদ্ধারকাজ চালানো সম্ভব হয়।
উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা
মহড়া চলাকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. নুরুল আমিন বিপ্লব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি এবং হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. আবু সাঈদ উপস্থিত ছিলেন।
পুরো মহড়াটি সরাসরি পরিচালনা করেন কমান্ডার মো. ফয়সালুর রহমান ও এনামুল হক। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পদমর্যাদার কর্মী এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।



