বার কাউন্সিল নির্বাচন ২০২৬: সদস্য পদে প্রার্থী হচ্ছেন অ্যাডভোকেট শিশির মনির

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তার এ ঘোষণাকে কেন্দ্র করে আইন অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আগামীকাল (আজ, বুধবার) বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের জন্য জেনারেল সিটে মনোনয়নপত্র কিনব ইনশাআল্লাহ। সারাদেশের বিজ্ঞ আইনজীবী বন্ধুদের দোয়া ও সমর্থন কামনা করছি।”

বাংলাদেশ বার কাউন্সিল দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সর্বোচ্চ সংস্থা। এর সদস্য নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহণ আগামী ১৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় বলে গত ৪ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। এছাড়া বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ.এস.এম. বখতিয়ার আনোয়ার, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান আবদুল আল মামুন, রিলিফ কমিটির চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম এবং রোল ও পাবলিকেশন কমিটির চেয়ারম্যান মো. মাহফুজ আহসানসহ অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের কথাও জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষর করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর নিয়মিত নির্বাচন না হওয়ায় অ্যাডহক কমিটির মাধ্যমে বার কাউন্সিলের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এবারের নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে আগ্রহ বাড়ছে এবং প্রতিদ্বন্দ্বিতা জমে উঠার আভাস পাওয়া যাচ্ছে।

Related Articles

Back to top button