আইন ও বিচার বিভাগে ৩ মাসের ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ১৮ মার্চ পর্যন্ত
আইন ও বিচার বিভাগে ইন্টার্নশিপ বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-০৮ থেকে ইন্টার্নশিপ আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরকারের ‘ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩’ অনুযায়ী বিভাগটির বিভিন্ন কার্যক্রম ও অধিক্ষেত্রে বাস্তবমুখী জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ৩ মাস মেয়াদে মোট ১২ জনকে এই ইন্টার্নশিপ প্রদান করা হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ইমেইলের মাধ্যমে আবেদন প্রেরণের আহ্বান জানানো হয়েছে।
নিয়োগকারী প্রতিষ্ঠান ও পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় (বিচার শাখা-০৮)
পদের নাম: ইন্টার্ন
মোট শূন্যপদ: ১২টি
ইন্টার্নশিপের মেয়াদ: ৩ মাস
শিক্ষাগত যোগ্যতা ও আবেদনকারীর শর্তাবলি
এই ইন্টার্নশিপ কার্যক্রমটি মূলত স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। নিম্নোক্ত বিষয়সমূহে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন:
- আইন (Law)
- ভূমি ব্যবস্থাপনা (Land Management)
- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE)
প্রয়োজনীয় অন্যান্য যোগ্যতা:
- আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
- যেকোনো সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উল্লিখিত বিষয়সমূহে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- যারা সম্প্রতি চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন (Appeared), তারাও আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভাগীয় প্রধানের স্বাক্ষরিত প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।
- স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সর্বোচ্চ ২ বছরের মধ্যে আবেদন করতে হবে।
- ‘ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩’ অনুযায়ী একজন প্রার্থী এই সুযোগ জীবনে কেবল একবারই গ্রহণ করতে পারবেন।
- আবেদনকারী অন্য কোনো সংস্থায় বা প্রতিষ্ঠানে কর্মরত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের যথাযথ অনাপত্তি সনদপত্র (NOC) দাখিল করতে হবে।
কর্মস্থল বা ইন্টার্নশিপ এলাকা
মনোনীত ইন্টার্নদের আইন ও বিচার বিভাগের নির্দেশনা অনুযায়ী দেশের নির্দিষ্ট জেলাগুলোতে পদায়ন করা হবে। নির্ধারিত জেলাগুলো হলো:
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, পাবনা, নাটোর, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, মাগুরা ও মেহেরপুর।
ভাতা ও ইন্টার্নশিপের অন্যান্য শর্তাবলি
- মাসিক ভাতা: ইন্টার্নশিপ চলাকালীন নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১০,০০০ (দশ হাজার) টাকা হারে এককালীন ভাতা প্রদান করা হবে। এই নির্দিষ্ট ভাতা ব্যতীত অন্য কোনো আর্থিক সুবিধা বা যাতায়াত ভাতা প্রদান করা হবে না।
- তত্ত্বাবধায়ক: আইন ও বিচার বিভাগ কর্তৃক নির্ধারিত একজন সুপারভাইজারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ইন্টার্নশিপ কার্যক্রম পরিচালনা করতে হবে।
- প্রতি মাসের ভাতা প্রাপ্তির পূর্বে সংশ্লিষ্ট সুপারভাইজারের সন্তোষজনক কাজের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।
- ইন্টার্নশিপ চলাকালীন নিয়মিত চাকরিতে নিয়োজিত থাকার কোনো প্রত্যয়ন কর্তৃপক্ষ থেকে দেওয়া হবে না।
- সন্তোষজনকভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করার পর প্রার্থীদের আনুষ্ঠানিক ইন্টার্নশিপ সনদ বা সার্টিফিকেট প্রদান করা হবে।
- এই ইন্টার্নশিপ সনদ কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে স্থায়ী চাকরির ক্ষেত্রে বিশেষ অধিকার বা অগ্রাধিকার হিসেবে গণ্য হবে না।
- ইন্টার্নশিপ সমাপ্তির পর আইন ও বিচার বিভাগ কিংবা সরকারের অন্য কোনো দপ্তর বা সংস্থায় চাকরির দাবি উত্থাপন করা যাবে না।
- সরকারি গোপনীয়তা সংক্রান্ত প্রচলিত সকল আইন, বিধিবিধান ও ‘ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩’ এর অনুচ্ছেদ ১২(গ) অনুসারে নির্বাচিত প্রার্থীকে নির্ধারিত অঙ্গীকারনামা ও চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে।
বাছাই ও নির্বাচন প্রক্রিয়া
আবেদনসমূহ প্রাথমিক বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে। তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা অথবা উভয় পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে বাছাই করা হবে। পরীক্ষার সঠিক তারিখ, সময় ও স্থান প্রার্থীদের ইমেইল, মোবাইল ফোন বা ডাকযোগে যথাসময়ে অবহিত করা হবে। নির্বাচনে অংশ নেওয়ার জন্য কোনো প্রকার টিএ বা ডিএ (TA/DA) দেওয়া হবে না।
আবেদন করার নিয়মাবলী ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের আইন ও বিচার বিভাগের নিজস্ব ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করতে হবে। আবেদন ফরমে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে।
পূরণকৃত আবেদন ফরমটি স্ক্যান করে আগামী ১৮ মার্চ ২০২৬ তারিখ বিকাল ৫:০০ ঘটিকার মধ্যে section8@lawjusticediv.gov.bd এই ইমেইল ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না; কেবল ইমেইলে প্রাপ্ত আবেদনপত্রই বিবেচনায় নেওয়া হবে।
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের আবেদনপত্রের মূল কপি এবং সকল শিক্ষাগত সনদের মূল ও সত্যায়িত কপি, অবতীর্ণ প্রার্থীদের প্রত্যয়নপত্র, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ এবং সাম্প্রতিক তোলা ৩ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। ইন্টার্নশিপ প্রদান সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

