হাইকোর্টে ৬৩টি বেঞ্চ গঠন, ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে বিচারকার্য

অবকাশ শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য ৬৩টি বেঞ্চ গঠন করা হয়েছে। আগামী ১৯ এপ্রিল থেকে এসব বেঞ্চে নিয়মিত বিচারকার্য শুরু হবে।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশনায় গঠিত বেঞ্চগুলোর তালিকা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট ৬৩টি বেঞ্চের মধ্যে ২৯টি একক (সিঙ্গেল) বেঞ্চ এবং ৩৪টি দ্বৈত (ডিভিশন) বেঞ্চ রয়েছে।
২০২৬ সালের ৮৪ নম্বর গঠন বিধিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১৯ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিট থেকে এসব বেঞ্চে বিচারকার্য পরিচালিত হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অবকাশ শেষে আদালত চালু হওয়ায় দীর্ঘদিনের জমে থাকা মামলাগুলোর শুনানি শুরু হবে এবং বিচারপ্রার্থীদের অপেক্ষার অবসান ঘটবে।
আইনজীবীদের মতে, পর্যাপ্ত সংখ্যক বেঞ্চ গঠনের ফলে মামলার জট কমাতে ইতিবাচক প্রভাব পড়তে পারে এবং বিচারপ্রক্রিয়া আরও গতিশীল হবে।
প্রতি বছর অবকাশ শেষে বেঞ্চ পুনর্গঠন করা হয়, যাতে বিচারকার্য কার্যকরভাবে পরিচালিত হয় এবং আদালতের কাজের গতি বজায় থাকে।



