টাউট-দালাল দমনে কঠোর কক্সবাজার আইনজীবী সমিতি, জারি হলো কঠোর নির্দেশনা

আদালত প্রাঙ্গনে টাউট, দালাল ও তদবিরবাজদের দৌরাত্ম্য রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি। এ লক্ষ্যে আইনজীবী, এডভোকেট ক্লার্ক এবং সাধারণ বিচারপ্রার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশনা জারি করা হয়েছে।
সমিতির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ২০ আগস্ট ২০২০ তারিখের রিট পিটিশন নং ২৩০৫/২০২০-এর আদেশ অনুযায়ী দেশের সব আইনজীবী সমিতিকে টাউট, দালাল, তদবিরবাজ এবং ভুয়া মামলা গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি আইনজীবীর পরিচয় ব্যবহার করে অথবা আইনজীবীর সহকারী/মহুরী পরিচয়ে মক্কেলের কাছ থেকে মামলা গ্রহণ করে অর্থ আত্মসাৎ করে পালিয়ে যাচ্ছে। এতে একদিকে বিচারপ্রার্থীরা প্রতারণার শিকার হচ্ছেন, অন্যদিকে আইন পেশার মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।
এ ধরনের কর্মকাণ্ড The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972-এর ৪১ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন এবং এর জন্য সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ডের বিধান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আদালত প্রাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সমিতি একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। এর মধ্যে রয়েছে—
ওকালতনামা শুধুমাত্র সংশ্লিষ্ট আইনজীবীর মাধ্যমে গ্রহণ ও দাখিল করতে হবে এবং আইনজীবীর স্বাক্ষর ছাড়া কোনো ওকালতনামা গ্রহণযোগ্য হবে না।
আদালত এলাকায় টাউট ও দালালদের প্রবেশ ও কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
কোর্ট ড্রেস, নিবন্ধন নম্বর ও পরিচয়পত্র ছাড়া কোনো এডভোকেট ক্লার্ক আদালতে তদবির করতে পারবেন না।
স্ট্যাম্প ভেন্ডার বা দোকানে ওকালতনামা ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
আদালতের রেকর্ড শুধুমাত্র আইনজীবীরা আদালতের অনুমতি সাপেক্ষে পরিদর্শন করতে পারবেন।
নতুন মামলা দায়েরের সময় অ্যাডভোকেট ক্লার্ক বা সংশ্লিষ্ট আইনজীবীর উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।
হাজতী আসামীর ক্ষেত্রে ওকালতনামা গ্রহণে অভিভাবকের স্বাক্ষর ও জাতীয় পরিচয়পত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
ওকালতনামায় নির্বাহী কমিটির সদস্যদের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে এবং কোর্ট হাজতে টাউট ও দালালদের উপস্থিতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মন্নান এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে সকল সংশ্লিষ্ট পক্ষকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সমিতি জানিয়েছে, আদালত প্রাঙ্গনে টাউট ও দালালদের কার্যক্রম উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় বিচারপ্রার্থীরা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আইনজীবী সমিতি আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আদালত প্রাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে এবং আইন পেশার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে।



