বার কাউন্সিল এমসিকিউ (MCQ) পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ বার কাউন্সিলের স্মারক নং-বিবিসি/এনরোল/এমসিকিউ/২০২৬/১১৫৩, তারিখ ১৯-০৪-২০২৬ইং অনুযায়ী অ্যাডভোকেট তালিকাভুক্তির পরবর্তী নৈর্ব্যক্তিক (MCQ) পরীক্ষার অনলাইন ফরম পূরণের বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিচে বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিবরণ তুলে ধরা হলো:
অনলাইন ফরম পূরণের সময়সূচি ও ওয়েবসাইট
- ফরম পূরণের সময়কাল: ২০-০৪-২০২৬ইং তারিখ অপরাহ্ন ০৫:০০ ঘটিকা থেকে ২০-০৫-২০২৬ইং তারিখ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত অনলাইনে ফরম পূরণ চলবে।
- ওয়েবসাইট: আবেদন পূরণের জন্য http://bar.teletalk.com.bd অথবা www.barcouncil.gov.bd ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
- সময়সীমা অতিক্রান্ত হওয়া: উক্ত তারিখ ও সময় অতিবাহিত হওয়ার পর অনলাইন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং এমসিকিউ পরীক্ষার ফরম পূরণের আর কোনো সুযোগ থাকবে না।
যোগ্যতা ও প্রার্থীর ধরন
বাংলাদেশ লিগ্যাল প্র্যাক্টিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার এন্ড রুলস্, ১৯৭২-এর ২৭নং অনুচ্ছেদ অনুযায়ী যাদের ৬ মাসের শিক্ষানবিশ-কাল ইতোমধ্যে পূর্ণ হয়েছে অথবা ২০-০৫-২০২৬ইং তারিখের মধ্যে পূর্ণ হবে, তারা অনলাইনে আবেদন করতে পারবেন। এমসিকিউ পরীক্ষায় প্রধানত দুই ধরনের প্রার্থী রয়েছেন:
- নিয়মিত প্রার্থী (Regular Candidate): যেসকল প্রার্থী ইতোপূর্বে কোনো এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করেননি এবং যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ ২০-০৫-২০২৬ইং তারিখে বহাল থাকবে, অথবা যাদের রেজিস্ট্রেশন মেয়াদোত্তীর্ণ হওয়ায় নতুন করে রি-রেজিস্ট্রেশন করবেন, তারা নিয়মিত প্রার্থী হিসেবে আবেদন করবেন।
- রি-অ্যাপিয়ার প্রার্থী (Re-appear Candidate): যেসকল প্রার্থী ইতোপূর্বে এক বা একাধিকবার পরীক্ষায় অংশ নিয়েছেন এবং যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ আগামী ২০-০৫-২০২৬ইং তারিখে বলবৎ (Valid Registration) থাকবে, তারা রি-অ্যাপিয়ার প্রার্থী হিসেবে ফরম পূরণ করবেন।
বিশেষ দ্রষ্টব্য (অব্যাহতি): বিগত স্মারক নং-বিবিসি/এনরোল/২০২৫/২৫১১ অনুযায়ী, যে সকল রেগুলার প্রার্থী বিগত অক্টোবর ২০২৫ইং মাসে অনলাইনে ফরম পূরণ ও পরীক্ষার ফি যথানিয়মে জমা প্রদান করেছেন, তাদের আসন্ন এম.সি.কিউ. পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রকার অনলাইন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা করার প্রয়োজন নেই।
এমসিকিউ পরীক্ষায় পুনরায় অংশগ্রহণের শর্তাবলী
- বিধি ৬০এ অনুযায়ী, যেসব প্রার্থী পূর্বে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তৎপরবর্তীতে পর পর অনুষ্ঠিত ২টি লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন বা অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছেন, তাদেরকে পুনরায় MCQ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
- বিধি ৬০বি এর শর্ত মোতাবেক যেসব প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পর পর তিন বার অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ বা অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছেন, তাদেরকেও পুনরায় MCQ পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে।
আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় তথ্য এন্ট্রি
- রেজিস্ট্রেশন নম্বর এন্ট্রি: পরীক্ষায় অংশগ্রহণের উপযুক্ত প্রার্থীগণকে তাদের নিজ নিজ ৯ ডিজিটের বার-কাউন্সিল-রেজিস্ট্রেশন-নম্বর এন্ট্রি করে অনলাইন অ্যাপ্লিকেশন প্রোগ্রামে ফরম পূরণ শুরু করতে হবে।
- রি-অ্যাপিয়ার প্রার্থীদের তথ্য: সর্বশেষ যে পরীক্ষায় (এমসিকিউ/লিখিত/মৌখিক) অংশ নিয়েছিলেন, তার নাম চিহ্নিত করে রোল নম্বর উল্লেখ করে দিতে হবে।
- ছবি ও স্বাক্ষর: নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট ফিল্ডে ডিজিটাল পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও স্ক্যানকৃত স্বাক্ষর আপলোড করতে হবে। সেলফি (Selfie) ছবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
- প্রশ্নপত্রের ভাষা নির্বাচন: এমসিকিউ প্রশ্নপত্র বাংলা কিংবা ইংরেজি যে ভাষায় দেখতে ইচ্ছুক, তা চিহ্নিত করে দিতে হবে। উল্লেখ্য, উত্তর প্রদান করতে হয় বৃত্ত ভরাট করার মাধ্যমে, তাই এম.সি.কিউ. পরীক্ষার উত্তরের ক্ষেত্রে ভাষা কোনো বিষয় নয়।
- চয়েজ বার নির্বাচন: নিজ নিজ অপটেড বার বা চয়েজ বার (যে বার সমিতিতে আইনজীবী হিসেবে পেশা শুরু করতে ইচ্ছুক) উল্লেখ করতে হবে। এটি সার্ভারে রেকর্ড হয়ে থাকবে এবং তালিকাভুক্তির পর সংশ্লিষ্ট প্রার্থীকে সেই বার সমিতিতেই যোগদান করতে হবে, তাই এ বিষয়ে বিশেষভাবে সচেতন থাকতে হবে।
রেজিস্ট্রেশন ও পিউপিলেজ সংক্রান্ত সতর্কতা
- কেবলমাত্র যাদের বৈধ রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এবং ২০-০৫-২০২৬ইং তারিখে ৬ মাসের পিউপিলেজ সম্পন্ন থাকবে, তারাই ফরম পূরণ করতে পারবেন।
- উক্ত তারিখে পিউপিলেজ অসম্পূর্ণ থাকলে বা রেজিস্ট্রেশনের মেয়াদ অতিক্রান্ত হলে তথ্য ডাটাবেইজে অন্তর্ভুক্ত থাকবে না।
- মেয়াদোত্তীর্ণ প্রার্থীদের আগামী দুই সপ্তাহের মধ্যে অনলাইনে রি-রেজিস্ট্রেশন করে নিতে হবে, অন্যথায় ডাটা-বেইজে তথ্য অন্তর্ভুক্ত করা সম্ভব হবেবিধা নেই।
- গুরুত্বপূর্ণ: ১১ই মে ২০২৬ইং তারিখ থেকে নিম্ন আদালতের জন্য অনলাইন পিউপিলেজ-রেজিস্ট্রেশন-লিংক দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে।
শিক্ষাগত যোগ্যতার তথ্য পূরণ সংক্রান্ত জ্ঞাতব্য
- কোনো প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটে নিজের নাম বা পিতার নামে গড়মিল বা অসঙ্গতি থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
- রি-অ্যাপিয়ার প্রার্থীদের শিক্ষাগত তথ্য পূরণ করা থাকবে। অন্যান্য ক্ষেত্রে এসএসসি বা সমমান থেকে শুরু করে সর্বশেষ অর্জিত ডিগ্রী (এলএলবি/বার-এট-ল’) পর্যন্ত বিভাগ/শ্রেণী/সিজিপিএ/গ্রেড নির্ভুলভাবে এন্ট্রি করতে হবে।
- অনলাইন ফরম পূরণের সময় কোনো তারিখ (যেমন জন্মতারিখ, পিউপিলেজ কন্ট্রাক্ট তারিখ) সরাসরি টাইপ না করে স্ক্রীনে প্রদর্শিত ড্রপ ডাউন মেনু থেকে দিন, মাস, বছর সিলেক্ট করতে হবে।
- শিক্ষা মন্ত্রণালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত নয় এমন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটধারীদের প্রার্থিতা বাতিল করা হবে। অসত্য তথ্য বা জাল সনদ দিলে পরীক্ষাতে উত্তীর্ণ হলেও ফলাফল পরবর্তীতে নিরীক্ষান্তে বাতিল ঘোষণা করা হবে।
ভার্চুয়াল ডিক্লারেশন ও হার্ডকপি দাখিল
- প্রত্যেক প্রার্থীকে শিক্ষাগত, শিক্ষানবিশ এবং এফিডেভিটে উল্লিখিত শর্তাদিসহ যাবতীয় বিষয়ে একটি ভার্চুয়াল ডিক্লারেশন আবশ্যিকভাবে প্রদান করতে হবে।
- এমসিকিউ ও তৎপরবর্তী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার পূর্বে সকল শিক্ষাগত সনদ, নম্বরপত্র, আপলোডকৃত ছবির অনুরূপ ছবি, রেজিস্ট্রেশন কার্ড, জি-ফরম, কেইস লিস্ট এবং এফিডেভিটসহ যাবতীয় নথির সত্যায়িত হার্ডকপি বার কাউন্সিল অফিসে দাখিল করতে হবে।
- অনলাইনের তথ্যের সাথে দাখিলকৃত হার্ডকপির কোনো প্রকার গড়মিল গ্রহণযোগ্য হবে না এবং অসত্য তথ্য পাওয়া গেলে প্রার্থিতা বাতিলসহ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ফরম সংশোধন ও সাবমিট
- অনলাইন স্ক্রিনে কোনো ভুল তথ্য গোচরীভূত হলে আবেদনটি ‘ফাইনাল সাবমিট’ করার পূর্বে অনলাইনেই সংশোধন করা যাবে। কিন্তু ফরম ‘ফাইনাল সাবমিট’ করার পরে আর কোনোভাবেই তথ্য সংশোধন বা আপডেট করা যাবে না।
পরীক্ষার ফি এবং টেলিটক প্রি-পেইড এসএমএস পদ্ধতি
অনলাইনে ফরম ‘ফাইনাল সাবমিট’ করার পর একটি টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে ফি জমা দিতে হবে। ফি জমাদানের হার নিম্নরূপ:
- নিয়মিত পরীক্ষার্থী (Regular Candidate): সর্বমোট ৪,০২০/- টাকা (পরীক্ষার ফি ১,৫০০/-, এনরোলমেন্ট ফি ২,০০০/-, অ্যানুয়াল ফি ২০০/- এবং অনলাইন ফরম পূরণ সার্ভিস ফি ৩২০/- টাকা)।
- রি-অ্যাপিয়ার পরীক্ষার্থী (Re-appear Candidate): সর্বমোট ১,৬৩০/- টাকা (পরীক্ষার ফি ১,৫০০/- এবং অনলাইন ফরম পূরণ সার্ভিস ফি ১৩০/- টাকা)।
এসএমএস ফরম্যাট:
১ম SMS:
BAR <space> USER ID লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
ফিরতি মেসেজে প্রার্থীর নাম, ধরন এবং একটি PIN নম্বর আসবে।
২য় SMS:
BAR <space> YES <space> PIN লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
- এসএমএস প্রেরণের পর নির্দিষ্ট টেলিটক নম্বর থেকে প্রাপ্ত USER ID এবং PASSWORD পরবর্তীতে অ্যাডমিট কার্ড ও অ্যাপ্লিক্যান্ট কপি ডাউনলোডের জন্য সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে।
- পরীক্ষার ফি প্রদানের পরই দরখাস্ত চূড়ান্তভাবে দাখিল হয়েছে বলে নিশ্চিত হওয়া যাবে। ফি প্রদানের পর অনলাইনে প্রাপ্ত অ্যাপ্লিক্যান্ট কপি ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।
অন্যান্য নির্দেশনাবলি
- ফরম পূরণে ইচ্ছুক প্রত্যেক প্রার্থীকে নিজস্ব একটি সচল মোবাইল নম্বর ব্যবহার করতে হবে এবং সম্পূর্ণ এনরোলমেন্ট প্রক্রিয়াকালে সেটি সচল রাখতে হবে। এই নির্দিষ্ট নম্বরেই ১৬২২২ এবং ০১৫৫০১৫৫৫৫৫ থেকে এসএমএস দেওয়া হবে।
- নির্ধারিত তারিখের পরে এমসিকিউ পরীক্ষার ফরম দাখিলের জন্য নতুন করে কোনো আর্জি বা অনুরোধ গ্রহণ করা হবে না।
- অনলাইনে অ্যাডমিট কার্ড সংগ্রহের সময়সূচী এবং পরীক্ষার তারিখ, ভেন্যু ও সময় পরবর্তীতে যথাসময়ে জানানো হবে। পরীক্ষা সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
