[গেজেট] সাইবার সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ : ডিজিটাল নিরাপত্তা আইনের হয়রানিমূলক মামলা বাতিল

বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে “সাইবার সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” গেজেট আকারে প্রকাশ করেছে। বিগত দিনের হয়রানিমূলক মামলাগুলো থেকে নাগরিকদের স্বস্তি দিতে এবং আইনের প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এই অধ্যাদেশটি জারি করেছেন।
সাইবার সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর যুগান্তকারী পরিবর্তনসমূহ
এই সংশোধনীর সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ দিকটি হলো বাতিল হওয়া ‘ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮’ এর হয়রানিমূলক মামলাগুলো সংক্রান্ত সুস্পষ্ট বিধান যুক্ত করা। মূল অধ্যাদেশের ধারা ৫০-এ সংশোধন এনে নিচের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে:
- ডিজিটাল নিরাপত্তা আইনের বিচারাধীন মামলা ও তদন্ত বাতিল: অধ্যাদেশে নতুন যুক্ত হওয়া উপ-ধারা (৪ক) অনুযায়ী, রহিতকৃত ‘ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮’-এর ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ এবং ৩১ ধারায় দায়ের করা যেসব মামলা বর্তমানে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা পুলিশের কাছে তদন্তাধীন বা বিচারাধীন আছে, তার সবগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। এসব মামলার বিষয়ে আর কোনো আইনি কার্যক্রম বা পদক্ষেপ গ্রহণ করা যাবে না।
- সাজা ও জরিমানা মওকুফ: উপরিউক্ত ধারাগুলোর (২১ থেকে ৩১ এর নির্দিষ্ট ধারাগুলো) অধীনে ইতোমধ্যে কোনো আদালত বা ট্রাইব্যুনাল যদি কাউকে কোনো দণ্ড বা জরিমানা প্রদান করে থাকেন, নতুন এই সংশোধনীর ফলে সেই দণ্ড ও জরিমানাও সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে।
- করণিক ভুল সংশোধন: এছাড়া আইনের ২ নম্বর ধারার কিছু সংজ্ঞায় ভাষাগত ত্রুটি এবং ৫০(১) ধারায় আইনের নম্বর (২০২৩ সনের ৩৯ নং আইন) উল্লেখ করার ক্ষেত্রে কিছু ছোটখাটো করণিক ভুল সংশোধন করা হয়েছে।
সাইবার সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ গেজেট পিডিএফ ডাউনলোড লিংক
মানবাধিকার কর্মী, আইনজীবী, সাংবাদিক এবং সাধারণ নাগরিকদের জন্য এই অধ্যাদেশের বিস্তারিত দিকগুলো জানা অত্যন্ত জরুরি। আপনাদের সুবিধার্থে নিচে মূল গেজেটের পিডিএফ ডাউনলোড লিংক দেওয়া হলো।
সাইবার সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর মূল গেজেট পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
নিয়মিত আইনি আপডেট, নতুন গেজেটের সহজ বিশ্লেষণ এবং প্রফেশনাল পরীক্ষার মডেল টেস্ট পেতে আইনপ্রকাশের সাথেই থাকুন।
