১৯তম বিজেএসের প্রাথমিক পরীক্ষা ১৭ অক্টোবর হওয়ার সম্ভাবনা
ঊনবিংশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা, ২০২৬-এর প্রাথমিক পরীক্ষা আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২৬-এর প্রাথমিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীদের জানানো যাচ্ছে যে, প্রাথমিক পরীক্ষা আগামী ১৭ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কেন্দ্র ও সময় এখনো চূড়ান্ত নয়
তবে পরীক্ষার কেন্দ্র, সময় ও বিস্তারিত সময়সূচি নির্ধারণের কার্যক্রম এখনো চলমান রয়েছে। কেন্দ্রসমূহ নির্বাচন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণের বিষয়ে সম্মতি পাওয়ার পর কেন্দ্র ও সময় চূড়ান্ত করা হবে।
চূড়ান্ত সময়সূচি যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। এ বিষয়ে সব আবেদনকারীকে কমিশনের ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিজেএসসি সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফ।

