[গেজেট] ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ ২০২৬: বিস্তারিত বিশ্লেষণ ও পিডিএফ

কৃষিজমি হ্রাস রোধ এবং অপরিকল্পিত নগরায়ন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সরকার গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে “ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬” জারি করেছে। ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই অধ্যাদেশে ভূমির ব্যবহারভিত্তিক জোন নির্ধারণ এবং কৃষিজমি রক্ষায় কঠোর শাস্তির বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

অধ্যাদেশের উল্লেখযোগ্য দিকসমূহ

নতুন এই অধ্যাদেশের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় আধুনিকতা ও শৃঙ্খলা নিশ্চিত করা হয়েছে। এর প্রধান বিষয়গুলো নিচে দেওয়া হলো:

  • জোন নির্ধারণ: ডিজিটাল প্রযুক্তির সাহায্যে দেশের সব ভূমির একটি ম্যাপ তৈরি করা হবে। এর মাধ্যমে ভূমিকে কৃষি, বাণিজ্যিক, শিল্প, বন ও জলাশয় ইত্যাদি সুনির্দিষ্ট জোনে ভাগ করা হবে।
  • বিশেষ কৃষি অঞ্চল: যেসব জমিতে বছরে দুই বা তার বেশি ফসল হয়, সেগুলোকে বিশেষ অঞ্চল হিসেবে ঘোষণা করে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখা হবে। এসব জমিতে কোনো ধরনের শিল্প বা আবাসন প্রকল্প করা যাবে না।
  • মাটি কাটায় নিষেধাজ্ঞা: ইটভাটা বা অন্য কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষিজমির উপরিভাগের মাটি, পাহাড়, টিলা বা জলাশয়ের পাড় কাটা সম্পূর্ণ বেআইনি ঘোষণা করা হয়েছে।
  • স্থাপনা নির্মাণে অনুমতি: নিজের কৃষিজমিতে ঘরবাড়ি, উপাসনালয় বা পারিবারিক কাজের জন্য পুকুর খনন করতে হলেও এখন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে।
  • জোন পরিবর্তন: সরকারের সুনির্দিষ্ট অনুমোদন ছাড়া কোনো জমির নির্ধারিত শ্রেণি বা জোন পরিবর্তন করে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।

অপরাধ ও শাস্তির বিধান

এই আইন অমান্য করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। উল্লেখযোগ্য শাস্তিগুলো হলো:

  • অনুমতি ছাড়া জমির জোন পরিবর্তন করলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা ১ লক্ষ টাকা জরিমানা হতে পারে।
  • কৃষিজমি অন্য কাজে ব্যবহার করলে ১ বছরের কারাদণ্ড বা ২ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া হবে।
  • কৃষিজমিতে বা জলাশয়ে বাণিজ্যিক আবাসন বা শিল্পকারখানা তৈরি করলে ২ বছরের কারাদণ্ড বা ৪ লক্ষ টাকা জরিমানা হবে।
  • ইটভাটার জন্য জমির মাটি বা পাহাড় কাটলে ২ বছরের কারাদণ্ড বা ৫ লক্ষ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
  • ‘বিশেষ কৃষি অঞ্চল’ নষ্ট করলে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড বা ১০ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হতে পারে।

ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ ২০২৬ পিডিএফ ডাউনলোড

এই নতুন আইন সম্পর্কে বিস্তারিত জানতে মূল গেজেটটি পড়া প্রয়োজন। নিচে পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া হলো:

ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬ এর পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

নিয়মিত আইনি আপডেট, নতুন গেজেটের সহজ বিশ্লেষণ এবং প্রফেশনাল পরীক্ষার মডেল টেস্ট পেতে আইনপ্রকাশের সাথেই থাকুন।

Related Articles

Back to top button