থাইল্যান্ড ও মালয়েশিয়া সফরে প্রধান বিচারপতি, দায়িত্বে বিচারপতি রেজাউল হক
থাইল্যান্ড ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তাঁর বিদেশ সফরকালীন সময়ে প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মো. রেজাউল হক। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত থাইল্যান্ডে গমন ও অবস্থান করবেন। পরবর্তীতে আগামী ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তিনি মালয়েশিয়ায় গমন ও অবস্থান করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রধান বিচারপতির এই সফরকালে অথবা তিনি নিজ কার্যভার পুনরায় গ্রহণ না করা পর্যন্ত সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মো. রেজাউল হককে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদানে সম্মতি দিয়েছেন।



