আমতলীতে চুরির দায়ে যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড
বরগুনার আমতলীতে চুরির অপরাধে মো. মাহিন হাং (২৫) নামে এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে, যা অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) পরিচালনা করে এই রায় ঘোষণা করেন।
আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, দেশে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ২৫ নভেম্বর ২০২৬ তারিখে আমতলী থানার ১১৬৭ নম্বর সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে পুলিশের একটি দল আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায় মোবাইল-০২ (দিবা) ডিউটিতে নিয়োজিত ছিল। দুপুর আনুমানিক ৩টার দিকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মোবাইল ফোনে খবর পান যে, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এ কে স্কুলের পেছনের রাস্তায় চোরাই মালামালসহ এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে রেখেছে।
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে উপস্থিত সাক্ষী কালাম হাং-এর ছেলে মো. দোলন হাং এবং মৃত হাকিম শিকদারের ছেলে মো. কবির শিকদারের সামনে আটককৃত মো. মাহিন হাং-এর কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে আনুমানিক পাঁচ ফুট দৈর্ঘ্যের পাঁচটি লোহার টুকরা এবং এক টুকরা লোহার প্লেন সিট রয়েছে। পুলিশ সাক্ষীদের উপস্থিতিতে এসব মালামাল জব্দ তালিকা মূলে জব্দ করে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. মাহিন হাং পুলিশের কাছে চুরির বিষয়টি স্বীকার করে জানান, তিনি আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম হাং-এর ছেলে মো. রাহাত হাং-এর গোডাউন থেকে ওই লোহার মালামালগুলো চুরি করেছিলেন। তবে মামলার বিবরণীতে আসামির নামের ক্ষেত্রে এক স্থানে ‘রাহাত’ বলেও উল্লেখ রয়েছে।
পুলিশের নথিপত্র ও মামলার বিবরণ অনুযায়ী, অভিযুক্ত মো. মাহিন হাং একজন অভ্যাসগত চোর এবং তাঁর বৈধ কোনো জীবিকা নেই। এর আগেও তিনি আমতলী পৌরসভার বিভিন্ন এলাকায় চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা যায়।
পরবর্তী সময়ে আমতলী থানা পুলিশ ১১৬৭ নম্বর জিডি মূলে আটক আসামিকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালত বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) শুরু করেন। বিচার চলাকালে আসামি মো. মাহিন হাং আদালতের কাছে নিজের দোষ স্বীকার করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারক দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৭৯ ধারার অপরাধে তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে অতিরিক্ত ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আবু বকর মোল্লা এই দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আদালতের বিচারকার্যের ক্ষেত্রে এটি একটি দৃষ্টান্ত, এবং সমাজে চোর, ছিনতাইকারী, মাদকাসক্তদের জন্য এটি একটি কঠোর বার্তা।”


