কোতোয়ালী থানার মোড় হবে ‘শহীদ অ্যাডভোকেট আলিফ চত্বর’
চট্টগ্রাম নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান কোতোয়ালী থানার মোড়কে ‘শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চত্বর’ হিসেবে নামকরণের ঘোষণা দেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন এই ঘোষণা দেন। একই সঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির হেলথ সেন্টারের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সিটি করপোরেশনের নিজস্ব খরচে একজন মেডিকেল অফিসার নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত স্মরণসভা ও বিশেষ চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন এসব গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। কর্মসূচির অংশ হিসেবে এদিন বাদ জোহর কোর্টহিল জামে মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে শহীদ আলিফের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, তাঁর বর্ণাঢ্য জীবন ও কর্মের স্মৃতিচারণ এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অনন্য অবদান নতুন প্রজন্মের আইনজীবীদের কাছে তুলে ধরার উদ্দেশ্যে আইনজীবী অডিটোরিয়ামে স্মরণসভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
‘দুই বছরেও বিচার সম্পন্ন হয়নি’
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের দুই বছর অতিবাহিত হলেও তাঁর বিচার এখনো হয়নি। একজন তরুণ আইনজীবীর এমন নৃশংস হত্যাকাণ্ড শুধু তাঁর পরিবারের জন্য নয়, পুরো আইনজীবী সমাজ ও দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
বক্তব্যে ডা. শাহাদাত হোসেন শহীদ আলিফের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
এ সময় তিনি নগরবাসীর পক্ষ থেকে শহীদ আলিফের স্মৃতি চিরঅম্লান রাখতে নগরীর কোতোয়ালী থানার মোড়কে ‘অ্যাডভোকেট আলিফ চত্বর’ হিসেবে নামকরণের আনুষ্ঠানিক ঘোষণা দেন। পাশাপাশি আইনজীবীদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির হেলথ সেন্টারের জন্য সিটি করপোরেশনের অর্থায়নে একজন মেডিকেল অফিসার নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
‘শহীদ আলিফের রক্ত দেশের মানুষকে রক্ষা করেছে’
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম-০৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান। শহীদ আলিফের আত্মত্যাগের মহিমা তুলে ধরে তিনি বলেন, “শহীদের রক্ত যে মাটিতে পড়ে, সে মাটি উর্বর হয়। শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্ত এই দেশ, দেশের মানুষকে রক্ষা করেছে।”
বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে সংসদ সদস্য মো. আবু সুফিয়ান আরও বলেন, সীমান্তের ওপাড় থেকে এখনো খুনিরা নানাভাবে উস্কানি দিচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রুহের মাগফিরাত কামনা করেন এবং এই চাঞ্চল্যকর হত্যা মামলাটি কালক্ষেপণ না করে দ্রুত নিষ্পত্তির স্বার্থে দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
প্রতি বছর ২৬ নভেম্বর ‘শহীদ আলিফ দিবস’ পালন
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন। তিনি বলেন, আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্মৃতিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা এবং তাঁর জীবন, কর্ম ও মহান আত্মত্যাগের তাৎপর্য সবার সামনে তুলে ধরা।
আইনজীবীদের পেশাগত ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আইনজীবী সমাজের প্রত্যেক সদস্যের উচিত নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার পক্ষে কাজ করা। এ সময় তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রতি বছর ২৬ নভেম্বরকে ‘শহীদ আলিফ দিবস’ হিসেবে পালনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
চিত্র প্রদর্শনীতে তুলে ধরা হয় শহীদ আলিফের জীবন ও আত্মত্যাগ
স্মরণসভা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদ। সমাপনী বক্তব্যে তিনি বলেন, “শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্মৃতি চট্টগ্রামের আইনজীবী সমাজের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি।”
সভাপতির বক্তব্যে তিনি উল্লেখ করেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের সংক্ষিপ্ত অথচ গৌরবময় জীবন, পেশাগত কর্মকাণ্ড, স্মৃতিবিজড়িত বিভিন্ন মুহূর্ত এবং তাঁর আত্মত্যাগের করুণ ঘটনাপ্রবাহ নিয়ে একটি বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তিনি উপস্থিত আইনজীবী, আমন্ত্রিত অতিথি ও দর্শনার্থীদের শহীদ আলিফের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি প্রদর্শনীটি ঘুরে দেখে তাঁর জীবন ও আদর্শ সম্পর্কে জানার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ এনামুল হক ও আবদুস সাত্তার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম।
স্মরণসভায় উপস্থিত ছিলেন যাঁরা
স্মরণসভা ও দোয়া মাহফিলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ আইনজীবীরা অংশ নেন। উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন জেলা জি.পি. মোহাম্মদ কাশেম চৌধুরী, সমিতির কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি সেলিমা খানম, সহসভাপতি নিলুফার ইয়াসমিন লাভলী, অর্থ সম্পাদক আবুল মনছুর সিকদার, পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আরা মিতু এবং ক্রীড়া সম্পাদক মো. সরোয়ার হোসাইন (লাভলু)।
এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য আলী আকবর, সাদিয়া খান, জসিম উদ্দিন হিমেল, মো. ইকবাল হোসেন, শেখ মো. ফয়সাল উদ্দিন, মোমেনুল হক, সাইফুল ইসলাম, মোহাম্মদ হাসান, দিলদার আহম্মদ ভূঁইয়া, মোক্তার উদ্দিন সাগর ও দিদারুল আলম টিপুসহ বিপুল সংখ্যক সাধারণ আইনজীবী অনুষ্ঠানে উপস্থিত থেকে শহীদ আলিফের প্রতি শ্রদ্ধা জানান।
