‘জিয়াউল আহসানের অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদণ্ড কেবল শিশির কণা’ — ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেল
শতাধিক গুম, খুন, নির্যাতন ও মরদেহ গুমের মতো ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তিতর্কের শেষ পর্যায়ে তিনি এ আবেদন জানান।
‘অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদণ্ড শিশির কণা’
সাজা প্রসঙ্গে যুক্তিতর্ক উপস্থাপনকালে অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউল আহসান রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে একের পর এক মানুষকে তুলে নেওয়া, গোপনে আটকে রাখা, নির্যাতন ও হত্যার পর মরদেহ গুম করেছেন। কোনো আদালতের রায় মায়ের কোলে সন্তান, স্ত্রীর কাছে স্বামী কিংবা সন্তানের কাছে বাবাকে ফিরিয়ে দিতে পারবে না। তিনি মন্তব্য করেন, “এত মানুষের রক্তপাত ও পরিবার-স্বজনদের দুর্ভোগের তুলনায় একবারের মৃত্যুদণ্ড অতি সামান্য। জিয়াউল আহসানের অপরাধ সমুদ্র সমান; তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা।”
ন্যায়বিচার ও দার্শনিক যুক্তি
যুক্তিতর্কে দার্শনিক হেগেল ও প্রখ্যাত আমেরিকান আইন দার্শনিক হার্বার্ট মরিসকে উদ্ধৃত করে রুহুল কুদ্দুস কাজল বলেন, শাস্তি পাওয়া অপরাধীর অধিকার। আজ এ ধরনের নৃশংস অপরাধের দৃষ্টান্তমূলক বিচার না হলে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে, রাষ্ট্রব্যবস্থার ওপর জনগণের আস্থা নষ্ট হবে এবং মানবসভ্যতা টিকে থাকবে না। একজন ব্যক্তি শত শত মানুষকে হত্যা করলেও আইনের সীমাবদ্ধতার কারণে একবারের বেশি চরম সাজা দেওয়া যায় না উল্লেখ করে তিনি আইনের সর্বোচ্চ শাস্তি প্রয়োগের প্রার্থনা করেন।
অভিযোগ প্রমাণ ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন
অ্যাটর্নি জেনারেল দাবি করেন, প্রসিকিউশন সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে মামলার সব অভিযোগ এবং মানবতাবিরোধী অপরাধের উপাদান প্রমাণ করতে সক্ষম হয়েছে। চূড়ান্ত যুক্তিতর্কে তিনি মৃত্যুদণ্ডের পাশাপাশি জিয়াউল আহসানের সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে তা থেকে ভুক্তভোগী পরিবারগুলোকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আদেশ প্রার্থনা করেন।

