আদালত অবমাননা মামলায় রায়ের সর্বজনীনতা ও সমগোত্রীয় পক্ষের প্রতিকার: হাইকোর্টের ঐতিহাসিক পর্যবেক্ষণ
বন বিভাগের প্রকল্পে কর্মরত সাবেক কর্মীকে রাজস্ব খাতে আত্মীকরণ না করার অভিযোগে দায়েরকৃত আদালত অবমাননার মামলা খারিজ করে দিয়ে আদালত অবমাননার আইনগত পরিধি, সর্বজনীন রায় বনাম ব্যক্তিনির্দিষ্ট রায় (Judgment in rem vs Judgment in personam) এবং সমগোত্রীয় পক্ষের প্রতিকার প্রাপ্তির সীমা নির্ধারণে সুদূরপ্রসারী ৭টি পর্যবেক্ষণ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।
হাইকোর্ট বেঞ্চের রায় ও বিবাদীদের অব্যাহতি
বিচারপতি জে.বি.এম. হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আদালত অবমাননার রুলের ওপর দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও প্রধান বন সংরক্ষকসহ বিবাদীদের আদালত অবমাননার অভিযোগ থেকে নিঃশর্ত অব্যাহতি প্রদান করেন আদালত। বিবাদীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব।
মামলার প্রেক্ষাপট ও আইনি বিরোধ
মামলার বিবরণ অনুযায়ী, আবেদনকারী মো. জাহাঙ্গীর আলম ২০০১ সালে সুন্দরবন বায়োডাইভারসিটি প্রকল্পে যোগ দেন যা ২০০৫ সালে সমাপ্ত হয়। পরবর্তীতে ২০১৩ সালে ঐ প্রকল্পের ৯ জন কর্মচারী রিট দায়ের করলে ২০১৪ সালে হাইকোর্ট তাঁদের রাজস্ব খাতে নেওয়ার নির্দেশ দেন এবং আপিল বিভাগেও তা বহাল থাকে। কর্তৃপক্ষ ঐ ৯ জনকে চাকরিতে আত্মীকরণ করে।
কিন্তু জাহাঙ্গীর আলম পূর্বের রিটে পক্ষ ছিলেন না। তিনি সমগোত্রীয় হিসেবে ২০১৪ সালের রায়ের সুবিধাপ্রাপ্তির আবেদন করেন এবং তা প্রত্যাখ্যাত হলে সচিবদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন।
রায়ে হাইকোর্টের ৭টি যুগান্তকারী নীতি ও পর্যবেক্ষণ
- ১. সর্বজনীন বনাম ব্যক্তিনির্দিষ্ট রায়ের বাধ্যবাধকতা: কোনো রায় যদি Judgment in rem (সর্বজনীন) হয়, তবেই সমগোত্রীয় ব্যক্তি পক্ষ না হয়েও তার সুবিধা দাবি করতে পারেন। কিন্তু রায়টি যদি কেবল নির্দিষ্ট বাদীদের ক্ষেত্রে Judgment in personam হয়, তবে তৃতীয় কোনো ব্যক্তি সমগোত্রীয় হলেও আদালত অবমাননার মামলা দায়ের করতে পারেন না।
- ২. সুবিধাবাদী পক্ষ (Fence-sitter) প্রতিকার পাবে না: মামলায় অংশ না নিয়ে দীর্ঘদিন নীরব থেকে পরে সুবিধাজনক রায় বাস্তবায়নের দাবিতে আসা ব্যক্তিদের আদালত অবমাননার প্রক্রিয়া ব্যবহার করার সুযোগ নেই।
- ৩. মৌলিক প্রতিকার (Substantive Relief) দেওয়ার সুযোগ নেই: আদালত অবমাননার মামলার মাধ্যমে নতুন করে চাকরি স্থায়ী বা কোনো মৌলিক প্রতিকার দেওয়া যায় না। এতে বিচারিক প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত সুযোগ (Floodgate) তৈরি হয়।
- ৪. আদালত অবমাননা প্রমাণের উচ্চ মানদণ্ড: ইচ্ছাকৃতভাবে আদালতের সুনির্দিষ্ট নির্দেশ অমান্য করা হয়েছে—তা সন্দেহাতীতভাবে প্রমাণিত না হলে কাউকে অবমাননার দায়ে দণ্ড দেওয়া যায় না।


