আন্তর্জাতিক মুট কোর্টে ইতিহাস: ৮০টির বেশি দলকে পেছনে ফেলে এশিয়ায় দ্বিতীয় ফেনী ইউনিভার্সিটি
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করে ঐতিহাসিক এক গৌরবময় সাফল্য অর্জন করেছে ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগ। জাপানের রাজধানী টোকিওতে আয়োজিত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আইন মুট কোর্ট প্রতিযোগিতা ‘এশিয়া কাপ ২০২৬’-এ এশিয়া মহাদেশের ৮০টিরও বেশি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় দলকে পেছনে ফেলে শীর্ষ ১৬ দলের তালিকায় জায়গা করে নিয়েছে বিশ্ববিদ্যালয়টির আইন অনুষদের দল।
প্রতিযোগিতায় মেমোরিয়াল ও কাউন্টার মেমোরিয়াল মূল্যায়নের ভিত্তিতে ফেনী ইউনিভার্সিটির দলটি শীর্ষ ১৬-তে জায়গা নিশ্চিত করে। এরপর বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে টোকিওতে প্রতিযোগিতার মূল পর্বে (Oral Rounds) ওরাল সাবমিশনের সুযোগ পান বিশ্ববিদ্যালয়ের দুই কৃতি শিক্ষার্থী মিরাজ হোসেন ও মো. কামরুজ্জামান জেহাদ। সেখানে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারকদের উপস্থিতিতে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং দুর্দান্ত আইনি যুক্তিতর্ক উপস্থাপন করেন। তাদের চমৎকার উপস্থাপনা ও যুক্তি বিচারকদের প্রশংসা লাভ করে। সামগ্রিক মূল্যায়নে তারা ‘সেকেন্ড র্যাঙ্কড মেমোরিয়াল’ অর্থাৎ এশিয়ায় দ্বিতীয় সেরা মেমোরিয়াল অর্জনের বিরল গৌরব লাভ করেন।
কর্তৃপক্ষের উচ্ছ্বাস ও অভিনন্দন
শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ের এই যুগান্তকারী অর্জনে গভীর সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দীন আহমেদ।
“এশিয়া মহাদেশের ৮০টিরও বেশি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় দলকে পেছনে ফেলে আন্তর্জাতিক মঞ্চে আমাদের শিক্ষার্থীদের এই ঐতিহাসিক অর্জন সমগ্র দেশ ও ফেনী ইউনিভার্সিটির জন্য এক অসামান্য গৌরব। এই বিজয় প্রমাণ করে যে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের শিক্ষার্থীরা মেধা ও আইনি দক্ষতায় যেকোনো শীর্ষ প্রতিষ্ঠানের সমকক্ষ। আমি কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য (ভাইস চ্যান্সেলর অ্যাক্টিং) ড. মাসুদুল হক চৌধুরী এই সাফল্যে অভিনন্দন জানিয়ে এটিকে প্রতিষ্ঠানের জন্য এক নতুন মাইলফলক বলে মন্তব্য করেন।
“টোকিওর আন্তর্জাতিক মঞ্চে এশিয়া কাপের মতো মর্যাদাপূর্ণ আসরে মেমোরিয়ালে বাংলাদেশের নাম দ্বিতীয় স্থানে নিয়ে আসা ফেনী ইউনিভার্সিটির ইতিহাসে এক নতুন মাইলফলক। মিরাজ ও জেহাদের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”
আইনি শিক্ষায় নতুন প্রেরণা
দলটির মেন্টর ও আইন বিভাগের চেয়ারম্যান কাজী তাসনিম জাহান এই অর্জনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন:
“আন্তর্জাতিক বিচারকদের সমক্ষে আইনি মেধার সাক্ষ্য দিয়ে এশিয়া মহাদেশের দলগুলোর মধ্যে মেমোরিয়ালে দ্বিতীয় স্থান অর্জন করা এক অভাবনীয় অভিজ্ঞতা। তাদের এই কঠোর পরিশ্রম ও সাফল্য আমাদের বিভাগ তথা পুরো দেশের আইনি শিক্ষায় এক নতুন প্রেরণা জোগাবে।”
আন্তর্জাতিক পর্যায়ে দেশের একমাত্র প্রতিনিধি হিসেবে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এই আইনি মেধা ও মেমোরিয়ালের স্বীকৃতি দেশের উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক মুট কোর্ট অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

